রফিকুল হায়দার ফরহাদ
দল যখন মাঠে খেলছিল তখন গ্যালারিতে বসে ছিলেন ইয়াসিন আরাফাত। এবারের প্যারাগন ডেইরি দ্বিতীয় বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের খেলোয়াড় তিনি। তার মতো আরো বেশ কয়েকজন বিকেএসপির খেলোয়াড় দলের হয়ে গতকাল শেষ হওয়া দ্বিতীয় বিভাগ লিগে অংশ নিতে পারেননি। কারণ বাফুফের নিষেধাজ্ঞা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্দেশনা ছিল, অনূর্ধ্ব-১৭ জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলাররা শুধু জাতীয় দলের ক্যাম্পেই থাকবে। খেলতে পারবে না লিগে। তাই তারা খেলতে পারেনি লিগে। ইয়াসিন আরাফাতও সেই দলে। এর পরও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি পেলেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। অবশ্য তা যৌথভাবে। পারভেজ আহমেদের সাথে তিনি নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। দুইজনই গোল করেছেন ৯টি করে। তবে এ ক্ষেত্রে বড় কৃতিত্ব ইয়াসিনের কারণ তিনি মাত্র চার ম্যাচ খেলে জিতেছেন এই পুরস্কার। পারভেজ খেলেছেন ১৩ ম্যাচ। তাই আরো বেশি ম্যাচ খেলতে না পারার কষ্টের কথা জানান ইয়াসিন। খুলনার এই ছেলের মতে, ‘আমি যদি আরো বেশি ম্যাচ খেলতে পারতার তাহলে গোল আরো বেশি হতো।’ চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল।
গতকাল বিকেএসপি ও খিওগাঁও ফুটবল অ্যাকাডেমির ম্যাচ দিয়ে শেষ হয় এবারের প্যারাগন ডেইরি দ্বিতীয় বিভাগ লিগ। কোনো মতে রেলিগেশন ঠেকানো খিওগাঁও ড্র গোলশূন্য ড্র করেছে বিকেএসপির সাথে। এর আগে তারা ড্র করেছিল রানার্সআপ পূর্বাচল পরিষদের সাথেও। তাই ম্যাচ শেষে চ্যাম্পিয়ন বিকেএসপি যতটা না উল্লাস করেছে এর চেয়ে বেশি মাঠ মাতিয়েছিলেন খিলগাঁও ফুটবল অ্যাকাডেমির ফুটবলাররা। লিগের সেরা গোলরক্ষক হয়েছেন গৌরীপুর স্পোর্টিং ক্লাবের শান্ত ইসলাম। ছোট বেলায় সড়ক দুর্ঘটনায় বাবাকে হারানো শান্ত বড় হয়েছেন নানার বাড়িতে। সেখানে মা কাঁথা সেলাই করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেছেন। একটি কাঁথা তিন-চার শত টাকায় বিক্রি করা হতো। শান্ত জানান , মায়ের এই কষ্টের কারণে আমিও উনাকে কাঁথা সেলাই করতে সহায়তা করতাম। মাগুরার ছেলে শান্ত। নানাবাড়িতে থাকার সময়ই আরামবাগের সাবেক গোলরক্ষক মামার হাত ধরেই ফুটবলে আসা তথা গোলরক্ষক হওয়া। জানান, ‘আমার লক্ষ্য এখন মোহামেডানে খেলা। কারণ ছোট বেলা থেকেই স্বপ্ন মোহামেডানের হয়ে খেলার।’ দেশে মিতুল মারমা এবং বিদেশে অ্যালিসন বেকার তার আদর্শ। এর আগে ফর্টিস এফসির হয়ে অনূর্ধ্ব-১৮ লিগ এবং আসাদুজ্জামান ফুটবল অ্যাকাডেমির হয়ে তৃতীয় বিভাগে খেলেছেন। এখন পরবর্তী টার্গেট বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার।
২০২৩ সালে বিকেএসপিতে ভর্তি হওয়া ইয়াসিন আরাফাত এবারের লিগে হ্যাটট্রিক করেছেন। এর মধ্যে হেডে গোল করেছেন বেশ কয়েকটি। আরাফাত জানান, হেডে গোল করতে আমার বেশ ভালো লাগে। ব্যবসায়ী বাবার ছেলে ইয়াসিন আরাফাত বড় ভাইয়ের উৎসাহেই ফুটবলে এসেছেন। তার লক্ষ্য জাতীয় দলের হয়েও গোল করা।
পূর্বাচল পরিষদের খেলোয়াড় পারভেজ আহমেদ হ্যাটট্রিক করেছেন কল্লোর সংঘের বিপক্ষে। সিলেটে দর্জি বাবার ছেলে তিনি। জানান, এবারের লিগে আমার ৯ গোলের মধ্যে সবচেয়ে স্মরণীয় গোল হলো কল্লোল সংঘের বিপক্ষে। সেই ম্যাচে আমি দূর থেকে শটে গোল করেছিলাম। বলটি পোস্টে লেগে জালে গিয়েছিল। লিওনেল মেসি তার প্রিয় খেলোয়াড়। নিজে ডান পায়ের খেলোয়াড় হলেও মেসির মতো বাম পায়ের ভালো কাজ আছে বলের ওপর।
লিগের সেরা খেলোয়াড় হয়েছেন টঙ্গী ক্রীড়া চক্রের সাইফ হাসান। করেছেন ৬ গোল। কুমিল্লার ব্যবসায়ী বাবার পাঁচ ছেলে সন্তানের একজন তিনি।



