চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় গত এক সপ্তাহ ধরে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় অনেক এলাকায় অতিরিক্ত মূল্য দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। এ সুযোগে কিছু খুচরা বিক্রেতা সরকারের নির্ধারিত দামের চেয়ে কয়েক শ টাকা বেশি দামে গ্যাস বিক্রি করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার বিকেলে চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ গ্যাসের দোকানে ভর্তি সিলিন্ডারের সঙ্কট। অনেক দোকানে শুধু খালি সিলিন্ডার সাজিয়ে রাখা হয়েছে। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার সরকারের নির্ধারিত এক হাজার ৩০৬ টাকার পরিবর্তে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।
চকরিয়া পৌর শহরের বাটাখালি এলাকার বাসিন্দা মোহাম্মদ আয়ুব বলেন, পাশের একটি স্টেশন থেকে তাকে ১২ কেজির একটি সিলিন্ডার এক হাজার ৮৫০ টাকায় কিনতে হয়েছে। কয়েক দিন রান্না বন্ধ থাকায় বাধ্য হয়েই বেশি দামে কিনতে হয়েছে বলে জানান তিনি।
চকরিয়া পৌর এলাকার একটি হোটেল-রেস্তরাঁর মালিক মোহাম্মদ শাহ আলম বলেন, কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বাড়ানো হয়েছে। এতে হোটেল মালিকদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৬০০-৭০০ টাকা বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। সময়মতো সরবরাহ না পাওয়ায় প্রতিদিন ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে।



