ভ্রমণ সীমাবদ্ধতা নিয়ে ফিফার কাছে অভিযোগ করবে ইরান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপে অংশ নেয়া ইরান ফুটবল দল এবার আয়োজকদের আরোপিত ভ্রমণ সীমাবদ্ধতা নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের দাবি, আগে থেকেই নির্ধারিত প্রস্তুতি পরিকল্পনা থাকা সত্ত্বেও দলটি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছে না, যা খেলোয়াড়দের প্রস্তুতিতে প্রভাব ফেলছে।

ইরানের অভিযোগের কেন্দ্রবিন্দু তাদের পরবর্তী গ্রুপ ম্যাচকে ঘিরে। আগামী রোববার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে দলটি তাদের বেস ক্যাম্প মেক্সিকোর তিহুয়ানা থেকে দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিল। কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী, এতে খেলোয়াড়রা আবহাওয়া ও ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার পাশাপাশি শেষ অনুশীলন সম্পন্ন করার সুযোগ পেত।

তবে ইরানি কর্মকর্তাদের দাবি, সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। তাদের মতে, বিষয়টি শুধু যাতায়াত নয় বরং প্রতিযোগিতামূলক প্রস্তুতির সাথেও সম্পর্কিত। এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইরান। সেই ম্যাচ শেষে স্থানীয় সময় রাতেই দলটিকে যুক্তরাষ্ট্র ছাড়তে হয় এবং আবার মেক্সিকোতে ফিরে যেতে হয়। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়, কারণ খেলোয়াড়রা ম্যাচের পর স্বাভাবিক বিশ্রামের সুযোগ পাননি।

অন্য দিকে যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, ইরানকে আগেই জানানো হয়েছিল যে তাদের দল ম্যাচের এক দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ম্যাচ শেষ হওয়ার দিনই দেশ ত্যাগ করতে হবে। একই নিয়ম সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচেও কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে রাজনৈতিক ও প্রশাসনিক সংবেদনশীলতার মধ্যেই ইরানের অংশগ্রহণ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করল দলটির এই অভিযোগ।