নন্দীপাড়ায় গণপিটুনিতে আহত বালুব্যবসায়ী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া পানি পাম্পের সামনে মো: সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল সকালে এই ঘটনা ঘটেছে। হামলাকারীদের দাবি তাকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি সুইস গিয়ারসহ আটকের পর গণপিটুনি দেয়া হয়। তবে সোহেলের স্ত্রীর দাবি, তার স্বামীকে মব সৃষ্টি করে হত্যার চেষ্টা করা হয়েছে। একই সাথে তাকে ফাঁসাতে পিস্তল ও চাকু দিয়ে পুলিশে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

খিলগাঁও থানার এএসআই মো: ইমরান শেখ জানান, নন্দীপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটকে রেখেছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখা যায়, ওই যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ৪০/৫০ জন তাকে ঘিরে রেখেছে।

তিনি আরো জানান, সোহেলকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার পর থানায় আনা হয়েছে। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সোহেলের স্ত্রী তারিনের দাবি, সোহেল ইট-বালু সরবরাহকারী ঠিকাদার। পশ্চিম নন্দীপাড়ার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্থানীয় খোকন, কাওসার, মাসুম ও তাদের বাবার সাথে সোহেলের ব্যবসায়িক বিরোধ চলছে। এর আগেও প্রতিপক্ষ তাকে বেশ কয়েকবার হুমকি দিয়েছিল। তারই ধারাবাহিকতায় তারা গতকাল পরিকল্পিতভাবে ‘মব’ সৃষ্টি করে সোহেলকে হত্যার চেষ্টা করেছে।