সিলেট ব্যুরো
অবশেষে আলোর মুখ দেখছে বহুল প্রতীক্ষিত সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। ২০২৩ সালে জাতীয় সংসদে পাসের পর এত দিন সিউক কেবল আইনেই সীমাবদ্ধ ছিল।
স্বায়ত্তশাসিত এই সংস্থার কার্যক্রম সচলে ৩৩তম বিসিএসের মাঠ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো: সাদিউর রহিম জাদিদকে নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করেছে সরকার।
গতকাল তিনি এই পদে যোগ দিয়েছেন। এর আগে সরকারের এই কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন। তবে এত দিন আইনেই সীমাবদ্ধ ছিল এর কার্যক্রম। আইন পাসের দুই বছরের বেশি সময় পর এবার সিউকের কার্যক্রম সচলে উদ্যোগ নেয়া হলো।
নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেয়ার তথ্য নিশ্চিত করে মো: সাদিউর রহিম জাদিদ নয়া দিগন্তকে বলেন, সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে। এত দিন এই কর্তৃপক্ষের কার্যক্রম ছিল না। এখন কার্যক্রম শুরুর লক্ষ্যেই আমাকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রাথমিক অবস্থায় গণপূর্ত অধিদফতরের সিলেট কার্যালয়েই সিউকের কার্যক্রম চলবে জানিয়ে তিনি বলেন, পরে আলাদা অফিস নেয়া ও লোকবল নিয়োগ দেয়া হবে।
সম্প্রতি সিউক নিয়ে নয়া দিগন্তে একটা বিশেষ প্রতিবেদন ছাপা হয়। এরপরই টনক নড়ে সরকারের।



