নিজস্ব প্রতিবেদক
শুধু চাঁদাবাজদের তালিকা করছি না, এর সাথে কোনো পুলিশ জড়িত থাকলে আমি তাদের তালিকাও করছি। তারা রাতারাতি কোটিপতি হওয়ার জন্য এই কাজ করে, এগুলোই তাদের উদ্দেশে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল শনিবার রাজধানীর সন্ত্রাসী হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা: মো: আসাদুর রহমানকে দেখতে এসে চাঁদাবাজ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সাফল্য এই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলার মূল হোতাকে ধরতে পেরেছি। পুলিশের জিজ্ঞাসাবাদে সে বলেছে, বিদেশে ছিল হুন্ডি ব্যবসা করত লস দিয়েছে। তাই সে একটা সঙ্ঘবদ্ধ চক্র তৈরি করে বড় বড় ব্যক্তিকে টার্গেট করে চাঁদাবাজি করত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি গোষ্ঠী একটি সঙ্ঘবদ্ধ চক্র পরিকল্পনা করে ও টার্গেট করে দেশের বড় বড় পেশায় যারা আছে, তাদের ওপরে হামলা করছে। সন্ত্রাসী হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে সেই দিনই গ্রেফতার করা হয়। এবং একজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করা হয়। আমি পুলিশ এবং ডিবিকে ধন্যবাদ জানাই তাদের কাজে। আমি তাদের প্রশংসা করি। তবে তাদের আরো কাজ করা বাকি আছে। দেশে এমন সঙ্ঘবদ্ধ যত চাঁদাবাজ আছে সবাইকে নির্মূল করবো। বিশেষ করে মেট্রো এলাকায় ডিএমপি এলাকায়। যারা এমন চাঁদাবাজ তাদেরকে যদি অতি শিগগিরই হেফাজতে না আনতে পারি তবে যারা যারা ব্যর্থ হবে- তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিবো।



