মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুকুরে ভেসে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সকালে নিহত ওহেদ ভূঁইয়া ওই গ্রামের ভূঁইয়া বাড়ির দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি একটি ইরি স্কিম প্রকল্পের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, সোমবার রাত প্রায় ৮টার দিকে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বের হন ওহেদ ভূঁইয়া। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের স্ত্রী জানান, তার স্বামী কৃষি কাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার ইরি স্কিম করে আসছেন। এটা নিয়ে অনেকেই বিরোধিতা করে আসছিল। এর জের ধরে তাকে হত্যা করে থাকতে পারে।
পুলিশ জানিয়েছে হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।



