ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জেনিক সিনার ও ইগা সুয়েটেক। পুরুষ এককে স্বদেশী লুসিয়ানো দারদেরিকে সরাসরি সেটে হারিয়েছেন ইতালির ২৪ বছর বয়সী সিনার। প্রথম দুই সেটে ৬-১ ও ৬-৩-এ জয়ী হলেও পরের সেটে দুর্দান্ত লড়াইয়ের পর ৭-৬ (৭-২) গেমে জয়ী হয়ে শেষ আট নিশ্চিত করেছেন তিনি। কোয়ার্টারে সিনারের প্রতিপক্ষ শেলটন।
চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজের বিপক্ষে ৬-২, ৭-৫ ও ৬-৪ গেমের সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইতালির লরেঞ্জো মুসেত্তি। এদিকে শেষ আট নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের বেন শেলটনও। প্রথম সেটে ৩-৬ ব্যবধানে হেরে পরের তিন সেটে ৬-৪, ৬-৩ ও ৬-৪ গেমে হারান নরওয়ের কেসপার রুডকে। শেষ চারে ওঠার লড়াইয়ে ইতালির মুসেত্তির লড়াই চতুর্থ রাউন্ডে ওয়াকওভার পাওয়া, ২৫ গ্র্যান্ড স্ল্যামের পথে ছুটতে থাকা সার্বিয়ার কিংবদন্তি নোভাক জোকোভিচ।
মহিলা এককে সুয়েটেকের মতো সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এলেনা রেইবাকিনা ও জেসিকা পেগুলা। তবে কিছুটা লড়াই করতে হয়েছে আমান্ডা আনিসিমোভাকে। অস্ট্রেলিয়ার ম্যাডিসন ইংলিশের বিপক্ষে ৬-০ ও ৬-৩ গেমের সহজ জয়ে শেষ আট নিশ্চিত করেছেন পোল্যান্ডের ইগা সুয়েটেক।



