কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের সিংগুর পুঞ্জিতে চলছে অস্থিরতা। ঘন ঘন চুরি, কবরস্থান দখলের পাঁয়তারা ও প্রভাবশালী চক্রের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন পুঞ্জির চার শতাধিক খাসিয়া অধিবাসী। পান চাষই যাদের একমাত্র জীবিকা, সেই ঝুমের পান থেকে শুরু করে সেচের পানির পাম্প ও বিদ্যুতের তার; কিছুই বাদ যাচ্ছে না চোরচক্রের হাত থেকে। স্থানীয় খাসিয়ারা সাময়িক পদক্ষেপ নয় বরং স্থায়ী নিরাপত্তা ও শান্তিতে বসবাসের নিশ্চয়তার দাবি জানিয়েছেন।
পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) বিনেট মানার অভিযোগ করেন, একটি বিশেষ চক্র পরিকল্পিতভাবে পুঞ্জিতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। গত ঈদের রাতেও তাদের পানির মোটর, পাম্প ও কয়েক হাজার গজ বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এর আগেও কয়েক লাখ টাকার মালামাল খোয়া গেছে। বিনেট মানারের আক্ষেপ, সব সময় পুলিশের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাই না।
হেডম্যানের ছেলে কুটলিধার জানান, সর্বশেষ চুরির ঘটনায় ৯৯৯-এ কল দেয়ার পর পুলিশ মাসুক মিয়া নামের একজনকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যে প্রায় তিন লাখ টাকা মূল্যের বৈদ্যুতিক তার, পানির মোটর ও সাবমারসিবল পাম্প উদ্ধার করা হয়। পুঞ্জির জ্যেষ্ঠ নাগরিক লিপটন মারাক ও রিগ্যান খংপগা বলেন, পাম্প ও তার চুরির ফলে পান চাষে মারাত্মক ব্যাঘাত ঘটছে। একটি চক্র তাদের পৈত্রিক কবরস্থান দখলেরও চেষ্টা চালাচ্ছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, সিংগুর পুঞ্জির অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারসহ একজনকে আইনের আওতায় আনা হয়েছে। খাসিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


