ভুরুঙ্গামারীতে ১৫ কৃষককে সম্মাননা
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে আধুনিক চাষাবাদ, টেকসই কৃষি ব্যবস্থা, জৈব সারের ব্যবহার, রাসায়নিক সার ও বালাইনাশকের নিরাপদ প্রয়োগ বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। এ সময় লুমিনাস গ্রুপের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, মিরাকেল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর কৃষিবিদ মমিনুল ইসলাম মোমেন, ডিরেক্টর রুহুল আমিন, আরএম রাসেল ও ডেপুটি ডিরেক্টর আল হাদিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলার প্রায় ৫০০ কৃষক অংশ নেন। কৃষি খাতে বিশেষ অবদানের জন্য ১৫ জন সফল কৃষককে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী দেয়া হয়। ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রায় সাত মাস আগে বহিষ্কৃত নড়াইল ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সাথে তাদের প্রাথমিক সদস্যপদও পুনর্বহাল করা হয়েছে। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত পৃথক ছয়টি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, সদর পৌর বিএনপির সাবেক সভাপতি তেলায়েত হোসেন, লোহাগড়া পৌর সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সদর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশ, লোহাগড়া উপজেলা সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর সাবেক সভাপতি মিলু শরীফ এবং উপজেলা সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা।
৩২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বরিশালের উজিরপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ মাসুম হাওলাদার (যুবক) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি মামলায় মুলতবি গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। গতকাল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার মাসুম হাওলাদার উপজেলার সানুহার গ্রামের আলতাফ ওরফে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে জিআর নং-১৭/২৬ মামলায় একটি মুলতবি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি আগের গ্রেফতারি পরোয়ানাও কার্যকর করা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে। উজিরপুর (বরিশাল) সংবাদদাতা।
গ্যাস সরবরাহ স্বাভাবিক, জনজীবনে স্বস্তি
প্রায় এক সপ্তাহের তীব্র সঙ্কটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ, সিএনজি ফিলিং স্টেশন এবং সিএনজিচালিত যানবাহনের চালক-মালিকদের মধ্যে স্বস্তি ফিরেছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) কার্যক্রম স্বাভাবিক হওয়ায় জেলার ১৪টি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে ১০টিতে গ্যাস সরবরাহ শুরু হয়। বর্তমানে দৈনিক চাহিদা ৩০ মিলিয়ন ঘনফুটের বিপরীতে ২৩ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনীর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী আখতারুজ্জামান বলেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে জেলার সব এলাকায় পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। ফেনী অফিস।
১ লাখ ইয়াবাসহ ৬ বাইকার গ্রেফতার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলে ইয়াবা পাচারের সময় এক লাখ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট দুপুরে পটিয়া সরকারি কলেজ জামে মসজিদের বিপরীতে সুলতান হোটেলসংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে আসা পাঁচটি মোটরসাইকেলে থাকা ছয়জনকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো: বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো: সাইফুল (২৪), মো: হাসান (৩৯) ও মো: হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়। পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা।
নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার
বগুড়ার শেরপুরে নিখোঁজের দুই দিন পর রাজু হোসেন (১১) নামে এক শিশুর লাশ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাবরগাড়ী এলাকার একটি ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত রাজু শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি প্রতিবেশীর একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়ায় চালাতেন। গত মঙ্গলবার ইজিবাইকসহ নিখোঁজ হওয়ার পর তার বাবা শেরপুর থানায় অভিযোগ করেন। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, ইজিবাইক বিক্রির ঘটনা গোপন রাখতে তারা রাজুকে হত্যা করেন। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়। শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। শেরপুর (বগুড়া) সংবাদদাতা।
আশিকার প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘অ্যাক্সেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস’ প্রকল্পের আওতায় রাঙ্গামাটির নানিয়ারচরে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাশ পুরকায়স্থ। রাজিব দাশ পুরকায়স্থ প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সহযোগিতার আশ্বাস দেন। সভায় উপজেলা স্বাস্থ্য, শিক্ষা, যুব উন্নয়ন, মহিলাবিষয়ক অধিদফতর, পুলিশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন। নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভা
নওগাঁর বদলগাছীতে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা অক্সফোর্ড মডেল স্কুলের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজার রহমান। সভায় বক্তব্য দেন- সহসভাপতি এস এম দুলাল হোসেন, সাধারণ সম্পাদক ফহরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুজাঈদ হোসেন, কোষাধ্যক্ষ তসলিমা পারভীন, প্রচার সম্পাদক এমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালকরা। সভায় অ্যাসোসিয়েশনের কার্যক্রম আরো গতিশীল ও ঐক্যবদ্ধভাবে পরিচালনার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা।



