বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী

Printed Edition
বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী
বাবার গ্রেফতার নিয়ে মুখ খুললেন পূজা চেরী

বিনোদন প্রতিবেদক

অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া বাবাকে নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা পূজা চেরী। বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে তার ব্যক্তিগত বা পেশাগত কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি। গত রোববার সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এসব জানান পূজা চেরী।

চিত্রনায়িকা বলেন, ‘বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।’

আর্থিক লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নই।’

পূজা আরো বলেন, ‘একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’

এমন স্পর্শকাতর সময়ে অহেতুক তাকে বা তার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্যও বিনীত অনুরোধ করেন পূজা চেরী। প্রসঙ্গত, চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।