খুলনা ব্যুরো
খুলনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহসভাপতি ও দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গতকাল শনিবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক এহতেশামুল হক শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেয়ার জন্য ০১৭১১-৮৯৩৩০৯ নম্বরে কল করলে রিসিভ করে কথা বলতে বলতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে শান্ত হলে আমি বলি- আপনি কোথায় আছেন? তিনি বলেন, আমি শিববাড়ি মোড়ের সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে আছি। তখন আমি বলি- সামনা সামনি কথা বললে ভুল বোঝাবুঝির অবসান হবে। তখন তিনি (বিপ্লব আবির) বলেন, আসেন আমি এখানে আছি। আসেন একসাথে চা খাবো। আমি আর আমার দেশের স্টাফ রিপোর্টার মনি মোটরসাইকেলে সেখানে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি সাত/আটজন অপেক্ষা করছে। তাদের সাথে কথা বলার একপর্যায়ে জিজ্ঞেস করে ব্যুরো চিফ কে? তখন আমি এগিয়ে যাই, সাথে সাথে তারা আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। আমি দৌড় দিয়ে পাশের টাইগার গার্ডেনে গিয়ে আশ্রয় নিই। আর মনিকে তারা মারতে মারতে মাটিতে ফেলে দেয়। আশপাশের লোকজন চলে এলে তারা পালিয়ে যায়।
এ দিকে সাংবাদিকরা খবর পেয়ে টাইগার গার্ডেনে গিয়ে শাওন ও মনিকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে জরুরি সেবা ৯৯৯ ফোন করলে ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। অপরাধীদের চিহ্ন্তি করে দ্রুত গ্রেফতার করা হবে।
দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক ও সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো: আনিসুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, বিএফইউজের সাবেক সহসভাপতি ড. মো: জাকির হোসেন ও মো: রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম এবং এইচ এম আলাউদ্দিন।
এ দিকে শাওন ও কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেস ক্লাব।



