রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অনিয়ন্ত্রিত প্রসার পুরো মানবজাতির সুরক্ষার জন্য বড় ঝুঁকিতে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাটিক পার্টির একটি ঘরোয়া তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিয়ে ওবামা এই শঙ্কার কথা ব্যক্ত করেন। একই সাথে এ প্রযুক্তির সম্ভাব্য অপব্যবহার ও ধাক্কা সামলাতে আইনপ্রণেতাদের অবিলম্বে কঠোর নীতিমালা তৈরির তাগিদ দেন তিনি।
ওবামা উল্লেখ করেন, বাণিজ্যিক স্বার্থে ব্যক্তিগত খাতে এআই প্রযুক্তির ব্যাপ্তি দ্রুত গতিতে বাড়ছে, যা উপযুক্ত তদারকি ও জবাবদিহির আওতায় না আনলে বিপজ্জনক মোড় নেবে। আগামী মধ্যবর্তী নির্বাচনে দল প্রতিনিধি পরিষদের চালকের আসনে ফিরলে আইনপ্রণেতা হাকিম জেফ্রিসকে এআই নিয়ন্ত্রণের টেকসই রূপরেখা তৈরির পরামর্শ দেন তিনি। পাশাপাশি ২০২৮ সালের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের জন্য এআই সংক্রান্ত অর্থনৈতিক ও নিরাপত্তামূলক স্পষ্ট কর্মপরিকল্পনা রাখার আহ্বান জানান। সম্প্রতি এআই গবেষণা প্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’-এর বিশেষজ্ঞরা উদ্ভাবিত প্রযুক্তির লাগামহীন অগ্রগতির কারণে মানুষের অস্তিত্ব সঙ্কটের ঝুঁকির কথা স্মরণ করিয়ে দেন। এই সতর্কবার্তার পর থেকেই যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে কঠোর আইনি কাঠামো দাঁড় করানোর তোড়জোড় শুরু হয়।



