নয়া দিগন্ত ডেস্ক
ভারতে নরেন্দ্র মোদির ১২ বছরের শাসনামলে এর আগে মাত্র একজন ক্যাবিনেট মন্ত্রী পদত্যাগ করেছিলেন যৌন অসদাচরণের অভিযোগে। তাই, এক সপ্তাহেরও বেশি সময় তীব্র গণবিক্ষোভের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ একটি যুগান্তকারী মুহূর্ত হয়ে ওঠে, যাকে বহু তরুণ-তরুণী এক বিরল বিজয় হিসেবে উদযাপন করেছে। দিল্লির ২২ বছর বয়সী ছাত্রকর্মী সখীর ভাষায়, “এই প্রথমবার মনে হলো যে আমরা বিক্ষোভের মাধ্যমে কিছু একটা করে দেখাতে পারি।”
প্রধানের পদত্যাগের পরপরই, সোস্যাল মিডিয়ায় মোদি সরকারের একজন ঊর্ধ্বতন মন্ত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি দম্ভভরে বলছিলেন যে “আমাদের সরকারে পদত্যাগ হয় না।” এই ভিডিওটি সেই দেশব্যাপী যুব আন্দোলনের আত্মবিশ্বাসকেই প্রতিফলিত করে, যারা তার পদত্যাগের দাবি জানিয়েছিল।
সখী বলেন, তারা এমন পাঠ্যবই পড়ে বড় হয়েছেন যেখানে গণতন্ত্রে ভিন্ন মতের গুরুত্বের কথা বলা হতো, “কিন্তু মোদির শাসনামলে আমি আমার চার পাশে তেমন কিছু দেখিনি।”
ইনস্টাগ্রামে, সখী পুলিশের হামলা ও আটকের ছবি ও ভিডিওর পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তাদের উপহাস করে বিভিন্ন ভিডিও পোস্ট করেন। এগুলোর অনেকই লাখ লাখ বার দেখা হয়েছে।
সখী বলেন, সরকার এই আন্দোলনের গতি ধরতে ব্যর্থ হয়েছে। কারণ তারা প্রতিবাদের ভাষা এবং প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত ছিল না। “মূল ধারার গণমাধ্যম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে। কিন্তু তারা ইনস্টাগ্রামকে ধরতে পারেনি।”
প্রশ্নপত্র ফাঁসের কারণে ভারতের সবচেয়ে বড় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট বাতিলের পর প্রায় বিশ লাখ ছাত্রছাত্রী পুনরায় পরীক্ষা দেয়। ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করে এবং তাদের পরিবার এই কেলেঙ্কারিকে দায়ী করে।
শুরুতে শিক্ষার্থীদের তেলাপোকা আন্দোলন তেমন মনোযোগ কাড়তে না পারলেও দিল্লি পুলিশ অনশনরত সোনম ওয়াংচুককে জোরপূর্বক সরিয়ে নিলে পরিস্থিতি পাল্টে যায়। এর দুই দিন পর, প্রধান বিচারপতির ডাকে হাজার হাজার মানুষ সংসদ অভিমুখে মিছিল করে, যা পুলিশের কঠোর দমনপীড়নের সূত্রপাত ঘটায়। লাঠিচার্জ, কাঁদুনে গ্যাস এবং পেলেট গানের ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে, যা জনরোষকে আরো বাড়িয়ে তোলে এবং প্রতিবাদকে দমন করার পরিবর্তে আরো তীব্র করে তোলে।
ভারতের তরুণদের মধ্যে অসন্তোষ এবং রাস্তায় নেমে তা প্রকাশ করার সাহস দেশটির অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। ২৬ বছর বয়সী সোমায়া বলেন, প্রধানের পদত্যাগ “শেষ নয় বরং কেবল শুরু। এই প্রজন্মের জন্য, আমাদের মধ্যে অনেকেই এই প্রথম প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। কিন্তু আরো বড় বিষয় নিয়ে কথা বলার আছে এবং আমরা সেগুলো নিয়ে কথা বলব।”
অনেক তরুণ ভারতীয়ের মতো, তিনিও শিক্ষাকে একটি উন্নত জীবনের পথ হিসেবে দেখেছিলেন, কিন্তু প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি এমন একটি ব্যবস্থার প্রতি তার বিশ্বাস ভেঙে দিয়েছে, যা কঠোর পরিশ্রমের পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি বলেন, “স্কুল-কলেজ বেসরকারীকরণ করা হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, পড়াশোনা শেষ করেও পর্যাপ্ত চাকরি নেই। একটি গণতন্ত্রে এই সবকিছু সরকারের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলে।”
তার হতাশা একটি বৃহত্তর চিত্রের ইঙ্গিত দেয়। বিশ্বে ভারতের যুব জনসংখ্যা সবচেয়ে বেশি, সরকারি তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার এক বছর আগের ১৩.৮% থেকে বেড়ে জুনে ১৬.২% হয়েছে। এমনকি স্নাতকরাও সংগ্রাম করছে। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ৭%-এরও কম চাকরিপ্রার্থী এক বছরের মধ্যে স্থায়ী বেতনভুক্ত চাকরি পেয়েছেন এবং ৪%-এরও কম হোয়াইট-কলার চাকরি পেয়েছেন।
এই প্রতিবাদগুলো তরুণদের জন্য তাদের দ্বিধা ঝেড়ে ফেলে হতাশা প্রকাশের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তাদের মধ্যে ছিলেন ১৮ বছর বয়সী হর্ষবর্ধন কদম, যিনি গত বছর বাবার মৃত্যুর পর মাকে সাহায্য করার জন্য স্কুল শেষ করে ল্যাপটপ বিক্রির একটি খণ্ডকালীন কাজ নিয়েছিলেন।
২৩ জুলাই, মুম্বাইয়ে একটি প্রতিবাদ মিছিলের সময় হর্ষবর্ধনের ধারণ করা একটি ভিডিও ভাইরাল হয়। ইনস্টাগ্রামের সেই ভিডিওটি, যা এখন পর্যন্ত এক কোটি বার দেখা হয়েছে, তাতে দেখা যায় একজন পুলিশ সদস্য তাকে একটি পুলিশ ভ্যানে আটক করার সময় একটি ভুয়া মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন। এরপর ওই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।
কদম বিবিসিকে বলেন, “আমি চাইনি তাকে বরখাস্ত করা হোক। আমি শুধু একটি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়ার জন্য পুলিশ আমার সাথে কেমন আচরণ করছিল তা নথিভুক্ত করতে চেয়েছিলাম। প্রধানের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এটা তো সবে শুরু। এটা প্রমাণ করে যে, পরেরবার আমরা আওয়াজ তুললে সরকার ভয় পাবে।”
গুয়াহাটির ২৯ বছর বয়সী চিত্রনাট্যকার স্বরাজ প্রিয় বলেন, “এই আন্দোলন আশা ফিরিয়ে এনেছে, প্রশ্ন ও ভিন্ন মতের জন্য জায়গা করে দিয়েছে এবং এই বাস্তবতার মুখোমুখি করেছে যে সবকিছু এখনও শেষ হয়ে যায়নি।”
মোদি সরকার যে কোণঠাসা হয়ে পড়েছে, সেই ক্রমবর্ধমান অনুভূতি স্পষ্ট। ভারতজুড়ে প্রতিবাদস্থলগুলোতে এখন পোস্টার দেখা যাচ্ছে, যেখানে লেখা : “প্রধান ছিলেন শুধু একটি উদাহরণ। এবার মোদির পালা।”
কিন্তু এই আত্মবিশ্বাসের পাশাপাশি কিছু আশঙ্কাও রয়েছে। পাটনার ৩০ বছর বয়সী উচ্চাকাক্সক্ষী অধ্যাপক বরুণী পূর্বা বলেন, প্রধানের পদত্যাগ এটাই প্রমাণ করে যে মোদি সরকারকে ‘নতজানু করা’ সম্ভব। কিন্তু যারা বিক্ষোভের আয়োজন করেছিল বা যোগ দিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও, তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি ‘ডাইনি খোঁজার অভিযান’ শুরু হওয়ার আশঙ্কা করছেন।
গত সপ্তাহে তিনি সম্ভাব্য গ্রেফতার এড়াতে আগাম জামিনের আবেদন করেছেন। পুলিশ হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং ৪০ জনেরও বেশি জনকে গ্রেফতার করেছে।
আগামী বছরগুলোতে ভারতের রাজনীতিতে জেন জি-এর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে, মোদির শাসনামলে ভারতীয় কর্তৃপক্ষ “মনগড়া সন্ত্রাসবাদবিরোধী এবং বিদ্বেষমূলক বক্তব্যের আইনে নিয়মিতভাবে কর্মী, সাংবাদিক এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করেছে।”



