সঠিক পথে না ফিরলে জন প্রতিরোধের মুখে পড়বেন : ডা: শফিক

Printed Edition
বিভিন্ন দেশের কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত
বিভিন্ন দেশের কূটনীতিকদের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো ও মৌলভীবাজার প্রতিনিধি

সরকারের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, জনগণের সাথে ধোঁকাবাজি বন্ধ করে সঠিক পথে না ফিরলে এর পরিণতি ভালো হবে না, জনগণের প্রতিরোধের মুখে পড়বেন। তিনি বলেন, দেশের মানুষ এখন সচেতন, জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা প্রতিহত করা হবে।

গত সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় স্থানীয়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

জনগণের সাথে ‘ধোঁকাবাজি’ চলছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা দিলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা ফেরত দিতে কিভাবে খুঁজে পাবেন? প্রশ্ন তোলেন তিনি।

সরকারের উদ্দেশে ডা: শফিকুর রহমান বলেন, নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম থাকলেও আমরা মেনে নিয়েছি, যেন দেশ অচল না হয়। কিন্তু আপনারা যদি সঠিক ধারায় না ফেরেন, তাহলে সারা দেশের মানুষ, এই জুলাই যোদ্ধারা আপনাদের ক্ষমা করবে না। এর আগে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ঈদের দিন রাতে তিন দিনের সফরে সিলেট পৌঁছেন।

ঈদের পরের দিন রোববার ও সোমবার সিলেটে ও মৌলভীবাজারে নানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সিলেট পৌঁছলে রোববার সকালে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সিলেট সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। রোববার সকালে সিলেট সার্কিট হাউজে সিলেটের সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে দীর্ঘ সময় তাদের সাথে খোলামেলা আলাপ আলোচনা ও নানা প্রশ্নের জবাব দেন বিরোধীদলীয় নেতা।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের একটা বড় স্টেকহোল্ডার বিদায় নিলেও এর কালো ছায়া এখনো জাতির মাথার ওপরে রয়ে গেছে। তিনি বলেন, পরিবেশ তৈরি হলে চলমান গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদের বাইরেও সরকারের সাথে বিরোধী দলের আলাপ আলোচনা হতে পারে। একই দিন বিকেলে আমিরে জামায়াত দলের সিলেট মহানগর আয়োজিত এক ঐতিহাসিক ঈদ পুনর্মিলনী সমাবেশে বক্তব্য রাখেন। নগরের দক্ষিণ সুরমা এলাকার ময়ুরকুঞ্জ কনভেনশন হলে এই সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রোববার রাতে সিলেট সার্কিট হাউজে সিলেট নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান। তিনি দেশবাসীর আকাক্সক্ষা পূরণে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকারের কাছে তার দাবি আবারো পুনর্ব্যক্ত করেন।

সরকার প্রদত্ত বিরোধীদলীয় নেতার বাসভবন প্রসঙ্গে তিনি বলেন, সে বাড়িতে আমি থাকবো না। দেশের প্রয়োজনে, রাষ্ট্রীয় কাজে বিদেশী অতিথিদের সাথে বৈঠকের জন্যই সেটি ব্যবহার করা হবে। তিনি আরো বলেন, সরকারে থেকে চাঁদাবাজি করতে হয় না। আমরা সরকারের মুখে শুনতে চাই- বাংলাদেশে আর চাঁদাবাজি হবে না, মানুষের ওপর জুলুম হবে না। সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে আমরা সহযোগিতা করব, সমর্থন করব। কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করব, প্রয়োজন হলে প্রতিহত করব।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো: ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলার নায়েবে আমির হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও মৌলভীবাজারের সাবেক জেলা আমির মো: আব্দুল মান্নান, সিলেট মহানগরী মজলিসে শূরা সদস্য আব্দুস সালাম আল মাদানী, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি মো: ইয়ামিন আলী, কুলাউড়া উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির জাকির আহমেদ, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী ও শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ। বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে তারা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের সালাত আদায় ও শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করেন। সালাত আদায় শেষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

এরপর রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তিনি তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইতালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মিয়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিসর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রভৃতি দেশের কূটনীতিক এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে বিরোধীদলীয় নেতার বাসভবনে আসেন।

২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিরোধীদলীয় নেতা : আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে আজ ২৫ মার্চ বুধবার বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এ ছাড়াও কেন্দ্রীয় এবং মহানগরী জামায়াতের নেতারা বক্তৃতা করবেন। আগামীকাল ২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও সংগঠনের সর্বপর্যায়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালন করা হবে। এ ছাড়া এদিন সকালে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।