আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বগুড়ার আদমদীঘিতে ছাগলসহ বিভিন্ন উপকরণ ও মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, ডা: পূজা সাহা, প্রকৌশলী রিপন কুমার, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার রাশেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি বছর উপজেলার ২৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মধ্যে মোট ৫০টি ছাগল, ৫০টি ঢেউটিন, ১০০টি সিমেন্টের খুঁটি, ১২৫টি প্লাস্টিক ফোরম্যাট, প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে দানাদার খাদ্য এবং ২৮০টি পরিবারের ব্যবহারের জন্য সাতটি মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, এসব উপকরণ ও সহায়তা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পশুপালন কার্যক্রম সম্প্রসারিত হবে এবং পরিবারগুলোর আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।



