নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে শেখ মোহাম্মদ ইলিয়াস নামে একজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ইমাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজিচালক হাদিস মিয়া (৩৪)। তারা সবাই নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



