পাবনা প্রতিনিধি
১৫ দিন ধরে ভিসিশূন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে নানা সঙ্কট, নেমে এসেছে স্থবিরতা। উপাচার্যের স্বাক্ষরের জন্য আটকে আছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত ভিসি নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মকর্তারা।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠান থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো: কামরুজ্জামান বলেন, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয়জন ভিসি চলে গেছেন। যারা এসেছিলেন তারা সবাই অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা ভিসি ছিলেন। যে বিশ্ববিদ্যালয় থেকে যে ভিসিই আসেন না কেন, তিনি চান তার বিভাগের ও তার বিশ্ববিদ্যালয় থেকে অধিক পরিমাণে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এখানে হোক। কিন্তু আজ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী শিক্ষার্থী বিদেশে গিয়ে শিক্ষকতা করলেও নিজের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে পারেননি। কারণ আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আজ পর্যন্ত কোনো ভিসি নিয়োগ হয়নি।
মানববন্ধনে বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো: কামরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফজলুল হক, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজমুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মীর খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল আলম প্রমুখ।


