সাতক্ষীরা শহরে বিদ্যুতের তার চুরির হিড়িক

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরে ওজোপাডিকো গ্রাহকের তার চুরির হিড়িক পড়েছে। গত দুই মাসের ব্যবধানে সাতক্ষীরা পৌর শহরের অর্ধশতাধিক গ্রাহকের বিদ্যুতের মিটারের তার চুরি হয়েছে। প্রতিনিয়ত তার চুরির ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, সাতক্ষীরায় ওজোপাডিকোর গ্রাহকসংখ্যা ৫৮ হাজার ৫৯৮ জন। এসব গ্রাহকের মধ্যে পৌর শহরের বসবাসকারী গ্রাহকদের বিদ্যুৎ লাইনের তার চুরির ঘটনা ঘটছে সব চেয়ে বেশি। প্রায় প্রতিদিন শহরের কোনো না কোনো এলাকা থেকে বিদ্যুৎ লাইনের তার চুরির খবর আসছে। চোরেরা মধ্য রাতে মিটারের কাছ থেকে খুঁটিতে দেয়া সংযোগের প্রায় কাছাকাছি থেকে তার কেটে নিয়ে যাচ্ছে। লোডশেডিং ভেবে শীতের রাতে কেউ খোঁজখবর নেন না। কিন্তু সকালে উঠে জানতে পারেন যে, তার বিদ্যুৎ লাইনের তার চুরি হয়েছে।

ওজোপাডিকোর গ্রাহক সাতক্ষীরার লস্করপাড়া এলাকার মাওলানা মিজানুর রহমান জানান, প্রায় পাঁচ দিন আগে তার চুরি হয়ে যায়। রাতে মনে হয়েছিল বিদ্যুৎ ছিল না। পরে সকালে ঘুম থেকে উঠে দেখি চোরেরা বিদ্যুৎ লাইনের তার চুরি করে নিয়ে গেছে।

ওজোপাডিকোর গ্রাহক দক্ষিণ কাটিয়া গ্রামের আলতাফ হোসেন বলেন, মধ্য রাতে ঘুম থেকে উঠে দেখি বিদ্যুৎ নেই। বিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে দেখা গেল সব জায়গায় বিদ্যুৎ আছে শুধু আমার বাসায় বিদ্যুৎ নেই। পরে দেখা গেল চোরেরা বাড়ির মিটার থেকে খুঁটি পর্যন্ত বিদ্যুৎ লাইনের তার চুরি করে নিয়ে গেছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করেছেন। হঠাৎ করে শহরে বিদ্যুতের তার চুরি বেড়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে একধরনের ভীতি কাজ করছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় অনেক গ্রাহক জিডি করেছেন। জিডির সূত্রধরে পুলিশ চোরদের শনাক্ত করার চেষ্টা করছে। যেসব এলাকায় চুরি হচ্ছে সেসব এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

সাতক্ষীরা ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী মো: শোয়াইব হোসেন বলেন, সাতক্ষীরা শহরে হঠাৎ করে গ্রাহকের বিদ্যুৎ লাইনের তার চুরি বৃদ্ধি পেয়েছে। শহরের বিভিন্ন স্থান থেকে আমরা এমন অভিযোগ পাচ্ছি। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। এ ছাড়া গ্রাহকদের সচেতন করার জন্য আমরা মাইকিং করছি, যাতে গ্রাহকরা আগে থেকেই সচেতন হয়।