সাভার (ঢাকা) সংবাদদাতা
ভারতের কলকাতায় এক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাভারের ব্যবসায়ী আহমেদ বাবুর (৩৭) দাফন সম্পন্ন হয়েছে। রোববার আমিনবাজারের বেগুনবাড়ি বড় মাঠে জানাজা শেষে বড়দেশী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহতের বড় ভাই মনির হোসেন জানান, ভোরে বেনাপোল সীমান্ত হয়ে লাশ সাভারের আমিনবাজারে এসে পৌঁছায়। আহমেদ বাবু বেগুনবাড়ী শিকদারপাড়া এলাকার মরহুম আদম আলীর ছোট ছেলে এবং স্থানীয় এম এ হোসেন টাওয়ারের ‘কিউট কসমেটিক্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই বছর পর ভারতের ভিসা পেয়ে গত ১৭ আগস্ট (সোমবার) রাতে ব্যবসায়িক কাজে কলকাতায় যান আহমেদ বাবু। সেখানে পার্ক স্ট্রিট এলাকার ‘শিখা ইন’ নামের একটি হোটেলে ওঠেন তিনি। ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আটজন বাংলাদেশীর মধ্যে তিনিও ছিলেন। গত বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে তার মৃত্যুর খবর স্বজনদের জানানো হয় এবং ছবি পাঠালে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
আহমেদ বাবুর আকস্মিক মৃত্যুতে আমিনবাজার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। লাশ পৌঁছালে স্বজন ও সন্তানদের আহাজারিতে বেগুনবাড়ী এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



