ভিসা জটিলতায় বিশ্বকাপের আগে বিপাকে ইরান

ফিফার সমালোচনা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে ইরান ফুটবল দল। তবে ভিসা পেয়েছেন শুধু ফুটবলার ও কোচিং স্টাফের কয়েকজন সদস্য। দলের গুরুত্বপূর্ণ কয়েক কর্মকর্তা এবং ইরান ফুটবল ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা এখনো ভিসা পাননি। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের আরেক স্বাগতিক দেশ মেক্সিকোতে পৌঁছেছে ইরান দল।

মেক্সিকোতে পৌঁছে ভিসা জটিলতার জন্য সরাসরি ফিফাকে দায়ী করেছেন ইরানের অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হজসাফি। তার অভিযোগ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে একটি দলের এমন অনিশ্চয়তায় পড়া কোনোভাবেই স্বাভাবিক নয়।

হজসাফি বলেন, ‘শেষ পর্যন্ত ইরান দল মার্কিন ভিসা পেয়েছে এবং আমরা মেক্সিকোতে এসে পৌঁছেছি। কিন্তু এই ভিসা পেতে এত দেরি কেন হলো- এ নিয়ে ব্যক্তিগতভাবে আমার অভিযোগ ফিফার কাছে। আমাদের শুধু সব ফুটবলার ও কোচিং স্টাফের কয়েকজনকে ভিসা দেয়া হয়েছে। বাকিরা ভিসা পাননি। অথচ তারাও দলের গুরুত্বপূর্ণ অংশ। ফিফাকে এখনই এ বিষয়ে সক্রিয় হতে হবে। আমরা দ্রুত সমস্যার সমাধান চাই।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে আমাদের কোচিং স্টাফের কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য, যারা দলের ভেতরে বড় ভূমিকা রাখেন, তারা ভিসা পাননি। এর মধ্যে টিম ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টর ও মিডিয়া ডিরেক্টরও আছেন। এরা সবাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।’

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রাজনৈতিক বৈরিতা দীর্ঘদিনের। ১৯৭৯ সাল থেকে দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। এর পরও বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছিল ১৯৯৮ সালে। সেই ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল ইরান। তবে কাতার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হারে ইরান।

এবারের বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। ফলে খেলার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থান নিয়েও নতুন জটিলতায় পড়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। ইরান দলের সদস্যরা যে ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন, সেটির মেয়াদ মাত্র এক দিন; অর্থাৎ যে দিন ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে ঢুকবেন ফুটবলাররা, সে দিনই তাদের দেশটি ছাড়তে হবে।

ইরানের বেজক্যাম্প প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হওয়ার কথা ছিল। তবে ভিসা ও অবস্থানসংক্রান্ত জটিলতার কারণে পরে সেটি সরিয়ে নেয়া হয়েছে মেক্সিকোতে। মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগের ভিসা নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচের এক দিন আগে এবং পরের ম্যাচগুলোর দুই দিন আগে ইরান দলের যুক্তরাষ্ট্রে প্রবেশের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ভিসা দেয়া হয়েছে শুধু এক দিনের জন্য।

ইরান আগে থেকেই ফিফার কাছে তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল। তবে ফিফা সেই অনুরোধ রাখেনি। ফলে এখন ভিসা জটিলতা ও ভ্রমণসংক্রান্ত বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে ইরান ফুটবল দলকে।

ফিফার নিয়ম অনুযায়ী, একটি দল ম্যাচের আগের দিন মূল মাঠে অনুশীলনের সুযোগ পায়। কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থানের সীমাবদ্ধতার কারণে ইরান সেই সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাদের সরাসরি মাঠে গিয়ে ম্যাচ খেলে সেদিনই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

১৯৭০ ও ১৯৮৬ সালের পর এবার আবারও বিশ্বকাপের স্বাগতিক দেশ মেক্সিকো। তবে সেই মেক্সিকোতেই বেজক্যাম্প করলেও ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার জটিলতা এখন ইরানের বিশ্বকাপ প্রস্তুতিকে বড় চাপে ফেলে দিয়েছে।