এপি
নেপালে গত বছরের সেপ্টেম্বরে জেন-জি তরুণদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী বিক্ষোভে ৭৭ জন নিহত হয়। আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। আগামী ৫ মার্চ নতুন সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে দেশটির সাবেক রাজা জ্ঞানেন্দ্রের সমর্থনে রাজতন্ত্রপন্থীদের বড় সমাবেশ দেখা গেছে।
গত শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে হাজারো সমর্থক তিন মাস পর দেশে ফেরা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে ভিড় জমান। বিমানবন্দর থেকে বাসভবনে ফেরার পথে তার গাড়ি ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এ সময় ‘রাজা ফিরে আসুন, দেশকে বাঁচান’ সেøাগানে মুখর হয়ে ওঠে এলাকা। জাতীয় পতাকা নেড়ে ও ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান উপস্থিত জনতা।
২০০৮ সালে সাবেক মাওবাদী বিদ্রোহীদের প্রভাবাধীন একটি বিশেষ আইনসভা নেপালের রাজতন্ত্র বিলুপ্ত করে দেশটিকে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে রূপ দেয়। এরপর থেকে ৭৮ বছর বয়সী জ্ঞানেন্দ্র সাধারণ নাগরিক হিসেবে কাঠমান্ডুর ব্যক্তিগত বাসভবনে বসবাস করছেন।
গত ১৮ বছরে দেশটিতে ১৪ বার সরকার পরিবর্তন হয়েছে। ধারাবাহিক এই রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগকারীদের আস্থা নড়বড়ে হয়েছে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হয়েছে।



