দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা-২ আসনে আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নুর হাকিম। তাকে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে বর্জনের আহ্বান জানিয়েছেন দর্শনা পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেল হোসেন লিওন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রাসেল হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে নুর হাকিমকে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে তাকে প্রত্যাখ্যানের আহ্বান জানান। এ ঘটনায় নুর হাকিম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, ওই ফেসবুক পোস্টের মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। অপর দিকে নুর হাকিম তার মালিকানাধীন পত্রিকায় ওই ছাত্রদল নেতাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর দর্শনা ও চুয়াডাঙ্গা-২ আসনে ছাত্রদল, বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
পৌর বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ বলেন, নুর হাকিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তারা দাবি করেন, ওই সময় তিনি নৌকার মনোনয়ন পেতে ব্যাপক গণসংযোগ করেন এবং বিভিন্ন সভা-মিছিলেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তাকে কোনো প্রকার হুমকি দেয়া হয়নি। স্থানীয় নেতাদের দাবি, রাসেল যে পোস্টটি করেছেন, তা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক তানভীর অনিকও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ছাত্রদল নেতাকে সন্ত্রাসী আখ্যা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নুর হাকিমের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ সত্য। অন্য দিকে মালিকানাধীন সংবাদপত্রে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, তা নুর হাকিমের পুরনো ফ্যাসিবাদী চরিত্রকেই স্পষ্টভাবে প্রমাণ করে।



