ক্রীড়া ডেস্ক
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল ১৯তম জন্মদিনে কোনো জাঁকজমকপূর্ণ উপহারের চেয়ে বড় একটি স্বপ্ন দেখছেন ফ্রান্সকে হারিয়ে দলকে ফিফা বিশ্বকাপের ফাইনালে তোলা। সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে ইয়ামাল জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ে তার কোনো ভয় নেই। ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন।’
নিজের জন্মদিনে হীরাখচিত একটি ভারী গলার হার কিনে উদযাপন করেছেন বার্সেলোনার এই বিস্ময়বালক। তবে তার মতে, প্রকৃত জন্মদিনের উপহার হবে সেমিতে জয় এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালে ওঠার টিকিট। সবচেয়ে বড় উপহার হবে নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ।’
স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, ফ্রান্সের বিপক্ষে নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক ও বল দখলভিত্তিক ফুটবলই খেলতে চায় তার দল। তিনি বলেন, ‘ফ্রান্সকে আমরা ভালোভাবেই চিনি। তাদের দলে অসাধারণ খেলোয়াড় রয়েছে, তবে আমাদের দলেও মানসম্পন্ন ফুটবলার আছে। আমাদের শক্তিগুলো কাজে লাগাতে হবে এবং তাদের শক্তির জায়গাগুলোকে নিরস্ত করার চেষ্টা করতে হবে।’
তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না স্পেনের কোচ। তার মতে, গত দুই বছরে ফ্রান্স আরো শক্তিশালী ও পরিণত দলে পরিণত হয়েছে। গত বছর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ৫-৪ গোলে জয় পেলেও সেই ম্যাচের সাথে বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই বলে মনে করেন তিনি।
দে লা ফুয়েন্তে বলেন, ‘এটি সম্পূর্ণ ভিন্ন একটি ম্যাচ। তখন আমরা ৫-১ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ দিকে ৫-৪ হয়ে গিয়েছিলাম। এবার আমরা ভালো দিকগুলো ধরে রাখতে চাই এবং ভুলগুলো শুধরে নিতে চাই। ফ্রান্স এখন আগের চেয়ে অনেক ভালো দল। তাদের খেলোয়াড়রা অভিজ্ঞ হয়েছে এবং মানও বেড়েছে।’ উল্লেখ্য, পাঠকরা যখন এ লেখাটি পড়বেন ততক্ষণে ফাইনালে পৌঁছে গেছে ফ্রান্স অথবা স্পেন।



