মেক্সিকোতে খেলতে চায় ইরান

Printed Edition

ক্রীড়া ডেস্ক

চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান আসন্ন ফিফা বিশ্বকাপে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে আয়োজনের দাবি তুলেছে। এ নিয়ে ইতোমধ্যে ফিফার সথে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।

মেক্সিকোতে ইরানি দূতাবাসের এক বার্তায় তাজ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার কথা উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ করবে না বলেও স্পষ্ট করেন তিনি। তার মতে, ‘আমরা ফিফার সাথে আলোচনা করছি, যেন বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজন করা হয়।”

সম্প্রতি ইরানের ক্রীড়ামন্ত্রীও ইঙ্গিত দেন, নিরাপত্তাজনিত কারণে খেলোয়াড়দের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও একাধিক রাজনৈতিক ও সামরিক ব্যক্তির মৃত্যুর পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।

তবে ট্রাম্প জানিয়েছেন, ইরান দলকে বিশ্বকাপে অংশ নিতে স্বাগত জানানো হবে, যদিও তাদের নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রে খেলা উপযুক্ত নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। আগামী ১১ জুন থেকে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ইরানের দু’টি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে হওয়ার কথা রয়েছে।

৪৮ দলের এই আসরে এশিয়া থেকে প্রথম দল হিসেবে ২০২৫ সালের ২৫ মার্চ উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে ইরান।

এ দিকে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাথে ইরানের সঙ্ঘাত এখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, যা বিশ্বকাপ প্রস্তুতিতেও প্রভাব ফেলছে।