মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ভোলা সওদাগর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের প্রধান দরজার সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে ব্যাগের ভেতর থেকে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনে তারা এগিয়ে যান। এ সময় দেখা যায়, সদ্য জন্ম নেয়া একটি কন্যাশিশুকে পলিথিনে মুড়িয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে গেছে দুর্বুত্তরা।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে হাসপাতালটিতে তার চিকিৎসা চলছে। এ বিষয়ে শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এস এ ফারুক বলেন, স্থানীয়রা শিশুটিকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর এখন আগের তুলনায় কিছুটা সুস্থ রয়েছে।



