ক্রীড়া ডেস্ক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টির একটি করে জয় পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফলে তৃতীয় ম্যাচটি হয়ে গেল অঘোষিত ফাইনাল। সেই ম্যাচে ড্যারেল মিচেল (১৩৭) ও গ্লেন ফিলিপসের (১০৬) সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। দু’জনের জুটিতে কিউইদের ইতিহাসে এক প্রথমের জন্মও দিয়েছে। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ৩৩৭ রানের বড় সংগ্রহ সফরকারীদের।
ইন্দোরে গতকাল টস হেরে ব্যাটিংয়ে নেমে পাঁচ রানেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ৫৮ রানে হারায় তৃতীয় উইকেটও। সেখান থেকে দলের বিপর্যয়ে দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের মেলে ধরেন মিচেল ও ফিলিপস। মিচেলের সাথে ২১৯ রানের জুটি ভাঙে ফিলিপসের বিদায়ে। যা ভারতের বিপক্ষে যেকোনো উইকেটে নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। সিরিজে মোট ৩৫২ রান হলো মিচেলের। এতে একটি রেকর্ডও গড়েন তিনি। তিন ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে তার ৩৫২ রান নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
বিশাল লক্ষ্য তাড়ায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৬ উইকেটে ২৭০ রান সংগ্রহ ভারতের।



