মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার প্রান্তিক আখচাষিদের একাংশের অভিযোগ, মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পর্যাপ্ত পরামর্শ ও তদারকি না পাওয়ায় তারা চাষাবাদে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণেও অনিয়মের অভিযোগ তুলেছেন তারা।
উপজেলার বিভিন্ন আখের মাঠ ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, আখ চাষের মৌসুমে কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি কম থাকায় রোগবালাই দমন, আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। রশুনিয়া গ্রামের আখচাষি দুলাল খান বলেন, আগে এলাকায় একজন উপসহকারী কৃষি কর্মকর্তা থাকায় সহজে পরামর্শ পাওয়া যেত। বর্তমানে সেই সুযোগ নেই। তার অভিযোগ, সরকারি প্রণোদনার সার ও বীজ অনেক সময় প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায় না; চাষাবাদের সাথে সরাসরি যুক্ত নন- মন ব্যক্তিরাও সুবিধা পান। তিনি আরো দাবি করেন, প্রণোদনা বণ্টনে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাব থাকে। কৃষকদের অভিযোগ, সরকারিভাবে বিনামূল্যে বা স্বল্পমূল্যে উন্নত জাতের বীজ ও কৃষি উপকরণ বিতরণের ব্যবস্থা থাকলেও অনেক প্রান্তিক কৃষক তা পান না। ফলে প্রয়োজনীয় উপকরণ বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, এতে উৎপাদন ব্যয় বাড়ছে।
এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হচ্ছে। কেউ একবার প্রণোদনা পেলে একই সুবিধা বারবার পান না। তবে কোনো কৃষক বঞ্চিত হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
তিনি আরো বলেন, কোন এলাকায় কৃষকরা প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন না, সেটিও খতিয়ে দেখা হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে আরো সক্রিয় থাকার নির্দেশনা দেয়া হবে। সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত মাঠ পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



