এনডিটিভি
রামমন্দির নির্মাণের জন্য ভক্তদের দেয়া কোটি কোটি রুপির অনুদান আত্মসাতের ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উগ্র হিন্দুত্ববাদী সরকারের তীব্র সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। উত্তর প্রদেশের পশ্চিমের বিজনৌর জেলায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে হায়দরাবাদের এই আইনপ্রণেতা বলেন, রামমন্দির ট্রাস্টে যদি কোনো মুসলিম থাকতেন, তাহলে এতক্ষণে সরকার তাকে এনকাউন্টারে হত্যা করত এবং তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়ে মামলাটি শেষ করে দিত। কিন্তু এখন অভিযুক্ত ব্যক্তিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। এ সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি জোরালো সমর্থন জানান। বহু আলোচিত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পুলিশ এমনকি হেফাজতে নেয়ার আবেদনও করছে না উল্লেখ করে ওয়াইসি পদক্ষেপ গ্রহণে ‘বিলম্ব’ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন।



