নির্বাচনকালীন ওয়াদা পর্যায়ক্রমে পূরণ করা হবে : বিমানমন্ত্রী

Printed Edition

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সরকারি দফতর প্রধান, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে দেওয়ানগঞ্জ মডেল থানায় পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার ও ওসি মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে মন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। বিকেলে উপজেলা হলরুমে স্থানীয় মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা তাকে সংবর্ধনা দেন।

এর আগে গত শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। মন্ত্রী বলেন, নির্বাচনকালে দেয়া সব ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার সব কাঁচা সড়ক পাকাকরণ, নদীভাঙন রোধ, কালভার্ট নির্মাণ এবং বেকারদের কর্মসংস্থানের আশ্বাস দেন তিনি। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দের সভাপতিত্বে শুক্রবারের অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি ও জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল হকসহ স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন।