তিন দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

Printed Edition

বেনাপোল (যশোর) সংবাদদাতা

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে আমদানি-রফতানি কার্যক্রম। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক হয়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন ও সরকারি ছুটির কারণে গত তিন দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। ছুটি শেষ হওয়ায় শনিবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। তিনি বলেন, স্বাভাবিক সময়ে প্রতিদিন এ বন্দর দিয়ে ভারত থেকে গড়ে তিন শতাধিক ট্রাক পণ্য আমদানি হয় এবং বাংলাদেশ থেকে শতাধিক ট্রাক পণ্য রফতানি হয়।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, নির্বাচনী ছুটি ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার কারণে সাময়িকভাবে বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শনিবার সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরো জানান, সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে ভারত থেকে ৩৫টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। একই সময়ে বাংলাদেশ থেকে ১২টি পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে আমদানি-রফতানির গতি আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।