ক্রীড়া ডেস্ক
পাঁচ ওভার, শূন্য রান, পাঁচ উইকেট! টেস্ট ক্রিকেটে আজ অবদি যা দেখা যায়নি, তাই করে দেখালেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। পাকিস্তানকে মাটিতে নামিয়ে বিশ্বরেকর্ড গড়লেন এই মিডিয়াম ফাস্ট বোলার। ২৭ রানের বিনিময়ে নিজের ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটিতে গত পরশু এই রেকর্ড গড়েন ক্যারিবীয় ডানহাতি এই পেসার।
পাকিস্তান ইনিংসে নিজের প্রথম ছয় ওভারে ২৭ রান দিলেও কোনো উইকেট পাননি গ্রেভস। ইনিংসের ৬৪তম ওভারে বল হাতে নিয়েই সেঞ্চুরিয়ান শান মাসুদের উইকেট নিয়ে খাতা খোলেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। পরের ওভারের দ্বিতীয় বলে সাজঘরে পাঠান আমির জামালকে। তার পরের তিন ওভারে একে একে আলি উসমান, মোহম্মদ রিজওয়ান ও মোহম্মদ আবাসকে কোনো রান না দিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে প্রথমবার নিজের ফাইফার পূর্ণ করেন গ্রেভস। প্রথমবার পাঁচ উইকেট নিয়ে এমন নজির গড়লেন, যা টেস্ট ক্রিকেট ইতিহাসে আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব।
বিশ্ব টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এই নজির গড়লেন গ্রেভস। ১৮৭৭ সালের ১৫ মার্চ প্রথম হওয়া টেস্ট ম্যাচে অংশ নিয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সে সময় থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব এর আগে কারুর নামে নেই। এক দশক আগে জোহানেসবার্গে স্টুয়ার্ট ব্রড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা চার ওভার মেডেন করেছিলেন। সেটিই এতদিন মেডেন ওভার করার ক্ষেত্রে বিশ্বরেকর্ড ছিল। তবে সেটি এখন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার গ্রেভসের দখলে।
এই ঐতিহাসিক কৃতিত্বের পর গ্রেভস জানান, কেবল অধিনায়ক রোস্টন চেজের পরামর্শ মতো সঠিক লাইন লেন্থে বল রাখছিলেন। বল হালকা সুইং হওয়ায় তার উইকেট নিতে সুবিধা হয়েছে। ক্যারিয়ারে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট পেয়ে তিনি খুবই খুশি।
পাকিস্তান একটা সময় তিন উইকেটে করেছিল ২৪৪ রান। সেখান থেকে গ্রেভসের বিধ্বংসী বোলিংয়েই ৩৮ রান তুলতে বাকি সাত উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয়। এতে প্রথম ইনিংসে ২৯ রানে লিড পায় ক্যারিবিয়ানরা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বেশ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে সাত উইকেটে ১২৬ রান। অষ্টম উইকেটে ৩৩ রান যোগ করে রান কিছুটা এগিয়ে নিয়েছেন শামার জোসেফ ও কেমার রোচ।
রোচ পাঁচ ও জোসেফ ২২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন। তবে দিনের পঞ্চম ওভারে মোহাম্মদ আলী সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান ৩৮ রান করা জোসেফকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৯ ওভারে আট উইকেটে ১৫৯ রান সংগ্রহ ওয়েস্ট ইন্ডিজের। ইতোমধ্যে ১৮৮ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। ব্যাটিংয়ে ছিলেন ১৬ রানে রোচ ও এক রানে জোমেল ওয়ারিকান।



