স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারো কারাগারে ইমরান খান

Printed Edition

রয়টার্স

হাসপাতালে কয়েক ঘণ্টা চিকিৎসা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে তাকে হাসপাতালে নেয়া হয়েছিল বলে গতকাল শুক্রবার তথ্য নিশ্চিত করেছেন তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক মুখপাত্র।

সুপ্রিম কোর্টের নির্দেশনার পর ৭৩ বছর বয়সী এই শীর্ষ রাজনৈতিক নেতাকে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষার স্বার্থে ইসলামাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাকে রাওয়ালপিন্ডির সুরক্ষিত আদিয়ালা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাস থেকে বন্দী জীবনযাপন করছেন পিটিআই প্রধান। তার মতে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব মামলা দেয়া হয়েছে। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করা হচ্ছে। ইমরান খানের আইনজীবী দল জানায়, কারাবাসকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি ডান চোখের দৃষ্টিশক্তি অনেকাংশে হারিয়েছেন। অপর দিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি সম্পন্ন হওয়া চিকিৎসাসংক্রান্ত রিপোর্টে এমন কোনো গুরুতর বা আশঙ্কাজনক জটিলতা মেলেনি, যার জন্য জরুরি ভিত্তিতে বাড়তি চিকিৎসার প্রয়োজন হতে পারে।