জুলাই শহীদদের নামে রাস্তা ও প্রতিষ্ঠানের নামকরণ হবে : তথ্য প্রতিমন্ত্রী

Printed Edition

ময়মনসিংহ অফিস

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের প্রতিটি উপজেলায় তাদের নামে রাস্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের ফলেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর দেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালানো হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই আন্দোলনের সফল পরিণতি এসেছে। তিনি জুলাই আন্দোলনের শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, সরকার সবসময় তাদের ও তাদের পরিবারের পাশে থাকবে।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আল রাফসান সামির সার্বিক সহযোগিতায় আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতারা।

ছাত্রনেতা মিনহাজুল আবেদীন নিঝুম, মারুফ সারওয়ার রুবেল ও সাইদুর রহমান সাঈদের উদ্যোগে আয়োজিত এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।