নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জে অটোরিকশার ২ যাত্রী এবং ঠাকুরগাঁওয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকাল ৬টার দিকে পাকুন্দিয়া পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো: সেলিম মিয়া (৩৫) এবং বর্ষাগাতি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে উজ্জ্বল মিয়া (৩৮)। এতে আহত হন বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ‘অনন্যা পরিবহন’-এর একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রী মো: সেলিম মিয়া ও উজ্জ্বল মিয়াসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মিয়া মারা যান।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসেন (৬০) ও অর্নব ইসলাম (১৩) নামের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালকও। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী আবুল হোসেন রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে ও নিহত অর্নব ইসলাম (১৩) বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে একটি মোটরসাইকেল বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় নেংড়ীহাট এলাকায় আবুল হোসেন রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলটি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান ও ঘটনাস্থলে মারা যান। একই ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলের আরোহী অর্নব ইসলাম মারা যান। অপর দিকে মোটরসাইকেল চালক নিরব ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



