সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ছাত্রলীগ নেতা ও ২ মাদককারবারি আটক

দিনাজপুরের হিলিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি মিনহাজ হাসানসহ তিনজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গতকাল সোমবার ভোরে হিলির সাতকুড়ি রেলগেট ও খট্টামাধবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মিনহাজ হাসান হিলির লোহাচড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। তিনি খট্টামাধবপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মমিন হোসেন ও আরিফ হোসেনকে আটক করা হয়েছে। মমিন সাতকুড়ি গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে এবং আরিফ ঘাসুরিয়া গ্রামের মৃত আনিছ মিয়ার ছেলে। হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছে- এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনহাজ হাসানকে এবং পৃথক অভিযানে আরো দুই মাদক কারবারিকে আটক করা হয়। হিলি (দিনাজপুর) সংবাদদাতা।

ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা

নওগাঁর পোরশায় ব্র্যাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ এমপাওয়ারিং গ্রাসরুটস সিভিল সোসাইটি’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ব্র্যাক পতœীতলা আঞ্চলিক কার্যালয়ের সমন্বিত উন্নয়ন কর্মসূচির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির (বরেন্দ্র) প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান। এ সময় সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, গাঙগুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান ও তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নাগরিক সমাজের ভূমিকা শক্তিশালী করা এবং এলাকার সার্বিক উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পোরশা (নওগাঁ) সংবাদদাতা।

৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার জেলার পরশুরাম, ছাগলনাইয়া ও চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে ওসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, বিভিন্ন ধরনের সুগন্ধি তেল ও ওষুধ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা। ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সদা সতর্ক ও তৎপর রয়েছে। ফেনী অফিস।

ইয়াবা ও এসকাফসহ যুবক আটক

কুড়িগ্রামের উলিপুরে ১৫০ পিস ইয়াবা ও ৯ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ‘এসকাফ’সহ মো: নূর আমিন (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদুপোদ্দার গ্রামে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নূর আমিনের দখল ও নিয়ন্ত্রণাধীন একটি ভাঙা গোডাউনের ইটের দেয়াল ও টিনের চৌচালা অফিস ঘরে অভিযান চালিয়ে একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে এসকাফের ৯টি বোতল এবং মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬৩ হাজার টাকা। নূর আমিন যাদুপোদ্দার গ্রামের রেজাউল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা।

আন্ডারপাসের দাবিতে সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, এশিয়ান হাইওয়ে সড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ চলছে। কালাদী এলাকায় সড়কের দুই পাশে কয়েকটি গ্রামে প্রায় ছয় হাজার মানুষের বসবাস। এসব এলাকার শিক্ষার্থী ও কর্মজীবীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হতে হয়। তাই কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবি তাদের অনেক দিনের। এজন্য তারা আন্দোলনও করে আসছেন। এদিকে বেলা ১টার দিকে আগামী বুধবারের মধ্যে আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেয়া হলে এলাকাবাসী সড়ক থেকে সরে যান। বুধবার পর্যন্ত সড়ক সংস্কারের সব কাজ বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার চলনবিলের শহরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ পার্শ্ববর্তী ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকি গ্রামের আতাহার আলী মৃধার ছেলে। পুলিশ জানায়, সকালে ফরহাদ শহরবাড়ি গ্রাম থেকে নৌকায় খড় নিয়ে যাওয়ার সময় চলনবিলের জয়িপুকুর এলাকায় পৌঁছান। এ সময় নৌকার বাঁশের লাঠি বিদ্যুতের তারে স্পর্শ হলে তার শরীরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিংড়া (নাটোর) সংবাদদাতা।

ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর প্রধান সেচ ক্যানেলে ডুবে খালা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া তুহিন বাজার স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো- পাখি আক্তার (১২) ও ভাগ্নি সানিহা (৪)। স্থানীয় সূত্র জানায়, কয়েকজন শিশু ক্যানেলের পাশে খেলছিল। একপর্যায়ে সানিহা পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে খালা পাখি আক্তার পানিতে নামলে সে-ও ডুবে যায়। শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দু’জনকে উদ্ধার করে। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।

গণপিটুনিতে গরুচোর নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার সাতমোড়া ইউনিয়নের নলোয়ার গ্রামে রোববার রাতের এ ঘটনায় নিহত কাজল কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রাতে নলোয়ার গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরুচোর ঢোকার খবর মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে কাজল মিয়াকে গরুসহ আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।