আইএমও আন্তর্জাতিক বীরত্ব পুরস্কারে মনোনীত চবক পাইলট ক্যাপ্টেন আসিফ আহমেদ

Printed Edition

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদকে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মর্যাদাপূর্ণ ‘অ্যাওয়ার্ড ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ (সমুদ্রে অসাধারণ বীরত্বের জন্য আন্তর্জাতিক পুরস্কার)-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে। চলতি বছরের শুরুর দিকে কর্ণফুলী চ্যানেলে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত বিপর্যয় অত্যন্ত দক্ষতার সাথে সফলভাবে মোকাবেলা করার স্বীকৃতি স্বরূপ তাকে এই পুরস্কার আগামী ১৪ ডিসেম্বর প্রদান করা হবে।

গত ২০ জানুয়ারি, ক্যাপ্টেন আসিফ আহমেদ ৫১৫ মেট্রিক টন প্রোপেন এবং ৪,৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস বোঝাই ১৫৯.৯ মিটার দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবাহী জাহাজ ‘গ্যাস হারমোনি’-কে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর (বার্থিং) দায়িত্বে ছিলেন। সেসময় হঠাৎ করেই কোনো পূর্ব সর্তকতা ছাড়াই বিশাল জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায় এবং প্রবল স্রোতের টানে জাহাজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।

সিদ্ধান্ত নেয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে থাকা অবস্থায়, ক্যাপ্টেন আসিফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত সাহসিকতা ও নিখুঁত দক্ষতার পরিচয় দেন। তিনি তাৎক্ষণিকভাবে জাহাজটির গতি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে নোঙর ফেলার নির্দেশ দেন এবং একই সাথে বন্দরের ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে উদ্ধারকারী টাগ বোটগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে জাহাজটিকে বিপরীত দিকে টেনে ধরার দিক নির্দেশনা দেন। এই নিখুঁত ও দূরদর্শী কৌশলের ফলে নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি থমকে দাঁড়ায় এবং ‘গ্যাস হারমোনি’ জেটি কাঠামো থেকে মাত্র ১.২ মিটার দূরত্বে এসে কোনো ক্ষয়ক্ষতি ব্যতীত সম্পূর্ণ নিরাপদভাবে থেমে যায়।

ক্যাপ্টেন আসিফের এই অনন্য সাধারণ দক্ষতা ও বীরত্ব ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে এবং ‘গ্যাস হারমোনির’ জাহাজের ক্যাপ্টেন ও মালিক পক্ষের কাছ থেকে তিনি আনুষ্ঠানিক প্রশংসাপত্র লাভ করেছেন। উল্লেখ্য, আইএমও অসাধারণ বীরত্ব পুরস্কার হলো বৈশ্বিক সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা, যা সমুদ্রে নিজের জীবন বাজি রেখে বিপর্যয় ও দুর্ঘটনা রোধে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।