চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী চ্যানেলে যৌথ অভিযান, ২৪ জনের কারাদণ্ড

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচল নিশ্চিত ও চুরি প্রতিরোধে যৌথ অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করে করাদণ্ড দেয়া হয়েছে। গতকাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা এই অভিযান চালান। এ সময় বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট গ্রেফতারদের ৩০ দিন করে কারাদণ্ড দেন।

গতকাল বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, দেশের সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ড, নৌবাহিনী ও চবকের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কোস্টগার্ডের টহলরত জাহাজ বিসিজিএস সোনাদিয়া, উচ্চগতিসম্পন্ন একাধিক বোট এবং চবকের দিশারী-০৭ অংশ নেন। এ সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর আভিযানিক দল এবং বন্দর ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন।

অভিযানে বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের নিরাপদ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বাণিজ্যিক জাহাজে ছিঁচকে চুরি প্রতিরোধে বহির্নোঙরে অবস্থানরত ফিশিং বোট ও অবৈধভাবে স্থাপন করা বিভিন্ন ধরনের জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এ সময় বহির্নোঙরে অবৈধভাবে অবস্থানরত ৫০টির বেশি ফিশিং বোট তল্লাশি করে ২৪ জনকে আটক করা হয়। পরে তাদের বন্দর ম্যাজিস্ট্রেট ৩০ দিন করে কারাদণ্ড দেন।