নয়া দিগন্ত ডেস্ক
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে র্যালি, সমাবেশ ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া অফিস জানায়, জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জোহর দোয়া মাহফিল, বিকেলে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ শেষে র্যালি অনুষ্ঠিত হয়। এ সব কর্মসূচিতে অংশ নেন- চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।
ইবি প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে বাদ জুমা শহীদ জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত বিশ^বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় সাথে ছিলেন ট্রেজারার অ্যধাপক ড. জাহাঙ্গীর হোসেন ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ।
বান্দরবান প্রতিনিধি জানান, বিকেলে শহরের রাজবাড়ী মাঠ থেকে বিএনপির একটি শোভাযাত্রা বের করা হয়। আহ্বায়ক ও বিএনপির সংসদ সদস্যপ্রার্থী সাচিং প্রু জেরীর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। পরে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী সফিকুল ইসলাম ও জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস। বক্তব্য রাখেন- আইনজীবী আনিছুল রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু, সাবেক কমিশনার আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য হযরত আলী, যুবদলের সভাপতি এমদাদুল বারী।
নাটোর প্রতিনিধি জানান, জেলা বিএনপি আয়োজিত উপশহর মাঠে র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, দুলুর সহধর্মীনি সাবিনা ইয়াসমিন ছবি, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম ও রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখা। এতে ড্যাবের জেলা আহ্বায়ক ডা: সোহেলুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। সঞ্চালনা করেন ড্যাবের সদস্যসচিব ডা: রেদোয়ান জুবায়ের রিয়াদ।
পটুয়াখালী প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পবিপ্রবির ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। উপস্থিত ছিলেন অধ্যক্ষ গাজী মো: বজলুর রহমান এবং জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিকসহ অনেকে।
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিকেলে দাউদকান্দি বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিরাট রথ্যালি বের হয়। রথ্যালিতে অংশগ্রহণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। রথ্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ গ্রহণ করেন।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জেলা বিএনপির আয়োজনে শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি রথ্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সচিব আব্দুল বারী।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে ‘ব্যতিক্রম’ এর উদ্যোগে মুন্সীগঞ্জ শহরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শহরের ৬৩৭ মুন টাওয়ারে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডা: এ কে এম মফিজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও শিশু বিশেষজ্ঞ ডা: দেওয়ান নিজাম উদ্দীন হেলাল, বাসস প্রতিনিধি মো: মঞ্জুর মুর্শেদ প্রমুখ।
দাউদকান্দি ও মেঘনায় র্যালি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শুক্রবার দাউদকান্দি ও মেঘনা উপজেলায় পৃথক দু’টি র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। দাউদকান্দি ও মেঘনা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ নির্বাচনী উৎসব উদযাপন করতে ব্যাকুল হয়ে আছে। গণপ্রতিরোধের মুখে সব ষড়যন্ত্র ধুলিস্যাৎ হয়ে যাবে।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। তেমনিভাবে ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এখন প্রয়োজন চূড়ান্ত গণতন্ত্রের চর্চা।
এ দিকে আগামী ১৮ নভেম্বর দাউদকান্দিতে অনুষ্ঠিতব্য বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে গণমিছিল সফল করার জন্য মারুফ ভিলায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় ড. খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



