সিলেট ব্যুরো
মহানবী হজরত মুহাম্মদ সা:-এর জীবনই মানবতার জন্য সর্বোত্তম আদর্শ এবং তার অনুসরণের মধ্যেই প্রকৃত মুক্তি নিহিত বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণেই আজ মুসলিম উম্মাহ নানা সঙ্কটে বিপর্যস্ত।
গত শুক্রবার রাতে নগরীর জিন্দাবাজারের একটি হোটেলের হলরুমে সিলেট মহানগর কোতোয়ালি পূর্ব থানা জামায়াত আয়োজিত সিরাত সম্মেলন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আরো বলেন, জামায়াত ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজন। তরুণ প্রজন্মকে সিরাতের শিক্ষা ধারণ করে নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মহানবী সা: প্রতিষ্ঠিত রাষ্ট্রব্যবস্থায় ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার নিশ্চিত করা হয়েছিল।
কোতোয়ালি পূর্ব থানা আমির রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. ফয়জুল হক। তিনি বলেন, ইনসাফ, জবাবদিহিতা ও অধিকার নিশ্চিত করাই একটি কল্যাণ রাষ্ট্রের মূল ভিত্তি। অন্যায়-অবিচারমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে থানা নায়েবে আমির নজরুল ইসলাম সোয়েবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সিরাত সম্মেলন উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠান শেষে বিজয়ী সেরা ১০ জনের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেয়া হয়।



