জয়ে শুরু জোকোভিচের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ওপেনের গত পরশু শুরু হয়েছে ১২৫তম আসর। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। এ ছাড়া খেলোয়াড়দের আয় বণ্টন ও অধিকারের দাবিতে আয়োজকদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে টুর্নামেন্টটি পর্দা উঠেছে। আসরের দ্বিতীয় দিনে গতকাল পুরুষ সিঙ্গেলসে নিজের প্রথম রাউন্ডে দারুণ এক জয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামের পথে দ্বিতীয় ধাপে উন্নীত হয়েছেন নোভাক জোকোভিচ।

দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর লড়াইয়ে প্রথম সেটে জি. এমপেশি পেরিকার্ডের বিপক্ষে এক কঠিন পরীক্ষার মুখোমুখি হন জোকোভিচ। ফরাসি খেলোয়াড়কে চার সেটের লড়াইয়ে পরাস্ত করেন। প্রথম সেট ৫-৭-এ হেরে গেলেও শেষ পর্যন্ত ৭-৫, ৬-১ ও ৬-৪ ব্যবধানে জয় নিশ্চিত করেন ৩৯ বছর বয়সী এই সার্বিয়ান তারকা।

পুরুষ সিঙ্গেলসে এ দিন ইতালির লরেঞ্জো সোনেগো ৭-৬ (৭-৩), ৫-৭, ৬-২, ১-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন ফ্রান্সের পিয়ের-হিউজ হারবার্টকে। ব্রিটেনের টবি স্যামুয়েলের বিপক্ষে ৬-৪, ৬-৪ ও ৬-২ সরাসরি সেটে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউর। মহিলা এককে ইতালির জেসমিন পাউলিনি ৭-৫ ও ৬-৩ গেমে হারিয়েছেন ইউক্রেনের ডায়ানা ইয়াস্ত্রেমস্কাকে। অস্ট্রেলিয়ার এমারসন জোন্সকে ৬-১ ও ৬-২ গেমে হারান পোলিশ তারকা ইগা সুয়েটেক।

ফরাসির ক্লে কোর্টে ম্যাচ শেষে জনপ্রিয় নাচের উৎসবও ফিরিয়ে আনলেন জোকোভিচ। প্রথম রাউন্ডে জয়ের পর আরিনা সাবালেঙ্কাকে একটি মজার বার্তায় চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি। গত বছর সাবালেঙ্কার সাথে যে জনপ্রিয় নাচটি নেচেছিলেন, তারইড পুনরাবৃত্তি করলেন তিনি। সার্বিয়ান তারকাকে সিঁড়িতে নাচতে দেখা যায়। পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে, যেখানে জোকোভিচকে বলতে শোনা যায়, এটি দেখো। তুমি আমাকে হারাতে পারবে না, আরিনা। আমি তোমাকে চ্যালেঞ্জ জানাচ্ছি।