ইবি সংবাদদাতা
মরণব্যাধি কোলন ক্যান্সার থেকে মাকে বাঁচাতে আবেদন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আব্দুর রাজ্জাক। চিকিৎসার বাড়তি খরচের মুখে দিনমজুর পরিবারের এই তরুণ এখন অর্থাভাবে দিশেহারা।
ইবির আইসিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজ্জাকের বাবা মো: কবির মোড়ল (৬০) দিনমজুর। মা মোছা: রোকেয়া খাতুন (৫১) সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় গ্রামের গৃহিণী।
মাসখানেক আগে পেটের অসুস্থতায় মাকে সাতক্ষীরার আনোয়ারা মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে প্রথমে টিউমারের অস্ত্রোপচারের পর বায়োপসিতে কোলন ক্যান্সার শনাক্ত হয়। ইতোমধ্যে ধার-দেনা করে প্রথম কেমোথেরাপি করানো গেলেও বাকি সাত-আটটি কেমোথেরাপি ও ইলিওস্টোমি রিভার্সালের অস্ত্রোপচারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। এ পর্যন্ত প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে।
রাজ্জাক জানান, দিনমজুর বাবার পক্ষে দীর্ঘমেয়াদি এই ব্যয় বহন করা সম্ভব নয়। চিকিৎসা বন্ধ হয়ে গেলে মাকে হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। আব্দুর রাজ্জাক বলেন, ‘সাধ্যের বাইরে চলে গেছে চিকিৎসা। তাই সবার সহায়তা চাইছি। আপনাদের সামান্য সাহায্যই মায়ের জীবন ফিরিয়ে আনতে পারে।’ মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বিকাশ/নগদ/রকেটে (০১৯৯৮৮৩৫১০৮) সহায়তার অনুরোধ জানিয়েছেন।



