চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের ২ ঘণ্টা পর প্রত্যাহার

Printed Edition

চাঁদপুর প্রতিনিধি

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা (র‌্যাবিস ভ্যাকসিন) ও প্রয়োজনীয় ওষুধের সঙ্কট দেখে চাঁদপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূর আলম দীনকে বদলির নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। তবে নির্দেশ দেয়ার প্রায় দুই ঘণ্টা পরই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি।

গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে চিকিৎসাসেবা ও ওষুধের মজুদ পরিস্থিতি দেখেন তিনি। এ সময় জানতে পারেন, প্রায় এক মাস ধরে হাসপাতালে জলাতঙ্কের টিকা ও নরমাল স্যালাইন (এনএস) নেই। এতে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

পরে হাসপাতাল থেকেই মন্ত্রণালয়ে ফোন করে চাঁদপুরের সিভিল সার্জনকে উত্তরবঙ্গের কোনো জেলায় বদলির নির্দেশ দেন তিনি। মন্ত্রীকে ফোনালাপে বলতে শোনা যায়, চাঁদপুরের সিভিল সার্জনকে উত্তরবঙ্গের দিকে পাঠানো হবে এবং সেখানে নতুন একজন সিভিল সার্জন দেয়া হবে।

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে জেলা প্রশাসক, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম, সিভিল সার্জন ডা: মোহাম্মদ নূর আলম দীন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।