রয়টার্স
দক্ষিণ নাইজেরিয়ার রিভার্স স্টেটে পাইপলাইন থেকে বেআইনিভাবে অপরিশোধিত তেল উত্তোলনের সময় নির্গত বিষাক্ত ধোঁয়া শ্বাসনালীতে গিয়ে ৩৭ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। স্থানীয় একটি পরিবেশবাদী অধিকার সংগঠন এই প্রাণহানির তথ্য জানালেও কর্তৃপক্ষ এখনো সুনির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
পরিবেশবাদী সংস্থা ‘ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার’ জানায়, গত বুধবার দিবাগত রাতে ওক্রিকার ওকারি জেটিতে একটি জাহাজে চোরাই মালামাল তোলার সময় এ দুর্ঘটনা ঘটে। চোরেরা পাইপলাইন থেকে উচ্চ চাপে পেট্রোলিয়াম পণ্য নৌকায় স্থানান্তরের চেষ্টা করলে সেখান থেকে মুহূর্তের মধ্যে মারাত্মক বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। সংস্থাটি আরো জানিয়েছে, এ ঘটনার পর থেকে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং নদীতে কয়েকটি লাশ ভাসতে দেখা গেছে। ২০২৩ সালের অক্টোবরের পর নাইজার ডেল্টা অঞ্চলে তেল চুরিকে কেন্দ্র করে এটিই সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা। রিভার্স রাজ্য পুলিশের মুখপাত্র ব্লেসিং কাবোরলো আগাবে জানান, চোরাই তেল নেয়ার চেষ্টার সময়ই ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে।



