বিএনপি জনগণের সরকার : সমাজকল্যাণমন্ত্রী

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিতে কাজ করবে। গত বুধবার বিকেলে দিনাজপুরের বিরামপুর ঢাকা মোড়ে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা: জাহিদ হোসেন বলেন, একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তবে সে প্রচেষ্টা সফল হবে না। অতীতের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণ সবকিছুর মূল্যায়ন করেছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করছে। উন্নয়নের পাশাপাশি সুশাসন, জবাবদিহিতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাজকল্যাণমন্ত্রী আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সমাবেশে স্থানীয় উপজেলা বিএনপির সভাপতি ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বিরামপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।