উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়টি দীর্ঘদিন ধরে অযতœ-অবহেলায় পড়ে রয়েছে। সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে, দেয়ালে ধরেছে শ্যাওলা। ভবনের ওপর বড় গাছের ডালপালা ছড়িয়ে পড়ায় অনেকটা গাছপালার আড়ালে ঢাকা পড়েছে সরকারি এ কার্যালয়।
গত সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ভবনের দেয়ালের বিভিন্ন অংশ স্যাঁতসেঁতে ও ভাঙাচোরা। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে। ভবনের চারপাশে গজিয়ে উঠেছে ঝোপঝাড় ও আগাছা। ভেতরে জমে রয়েছে শুকনো পাতা ও ময়লা-আবর্জনা। সামনের সাইনবোর্ডে ‘স্যানিটারি ইন্সপেক্টরের অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উজিরপুর, বরিশাল’ লেখা রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয় জনস্বাস্থ্য সুরক্ষার সাথে সরাসরি সংশ্লিষ্ট। অথচ সরকারি গুরুত্বপূর্ণ এ কার্যালয়েরই এমন জরাজীর্ণ অবস্থা দুঃখজনক। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তারা দ্রুত ভবনটি পরিদর্শন করে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হামিদা আক্তার বলেন, ‘বিষয়টি দেখব। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়া হবে।’
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরের বক্তব্য পাওয়া যায়নি। ইউএনও আলী সুজা বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



