অধ্যক্ষ পেয়ার আহম্মদ মজুমদার

Printed Edition

অধ্যক্ষ পেয়ার আহম্মদ মজুমদারকে (৬৫) তিন দফা জানাজা শেষে গতকাল ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মটুয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পেয়ার আহম্মদ মজুমদার ১৯৭৯ সালে ছাত্রশিবির প্রতিষ্ঠার পর এতে যোগ দেন। ১৯৮৯ সালে ছাগলনাইয়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ছিলেন তিনি। এরপর উপজেলা জামায়াত, পৌর জামায়াতের দায়িত্ব পালন করে মৃত্যুর আগ পর্যন্ত ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ছিলেন। পাশাপাশি ছাগলনাইয়া পৌরশহরস্থ ছাগলনাইয়া অ্যাকাডেমির অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গত সপ্তাহে তিনি ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ভোরে সেখানেই ইন্তেকাল করেন।

গতকাল সকালে প্রবীণ এই রাজনীতিক ও শিক্ষাবিদের ছাগলনাইয়া অ্যাকাডেমি স্কুলে শেষ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজাপূর্ব সমাবেশে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক এসএম কামাল উদ্দিন, জেলার সাবেক আমির একেএম সামছুদ্দীন, লিয়াকত আলী ভূঁইয়া, ছাত্রশিবিরের ছবি শাখার সাবেক সভাপতি দিদারুল আলম মজুমদার, ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, উপজেলা আমির আজাদ হোসাইন, পৌর আমির মির্জা আবদুল হান্নান, মরহুমের বড় ছেলে অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহসহ জেলা-উপজেলা পর্যায়ের জামায়াত, ছাত্রশিবিরের সাবেক-বর্তমান ও বিভিন্ন পেশার নেতারা বক্তব্য রাখেন। ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা।