নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবার, ৫০ জন আলেম এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নগদ অর্থসহায়তা প্রদান করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
গতকাল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং যুগ্ম মহাসচিব মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর নেতৃত্বে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
কুড়িগ্রাম জেলার জামিয়া ইসলামিয়া যাত্রাপুর মাদরাসা এবং বাবুস সালাম ভুরুঙ্গামারী মাদরাসায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে জনপ্রতি পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। একই সাথে বন্যার কারণে চরম দুর্ভোগে পড়া এলাকার ৫০ জন আলেমের মধ্যেও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখতে সেগুলোর জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়।



