ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতিতে গুরুত্বারোপ বিএমইউ ভিসির

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ‘ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরো বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় বিএমইউ রোগীদের চিকিৎসাসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। ডেঙ্গু মোকাবেলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম। ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা: আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল। কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা: ডি এম এম ফারুক ওসমানীর সঞ্চালনায় মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান, ডেন্টাল ডিন অধ্যাপক ডা: সাখাওয়াত হোসেন সায়ন্থ, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা: আবু হেনা চৌধুরী প্রমুখসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।