সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরের বাঘারপাড়ায় রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মরহুম মুনতাজ ঢালীর ছেলে এবং বাঘারপাড়া উপজেলার বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রাব্বি রুবেল হোসেনের ছোটবোনের দেবর। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, কি কারণে এ হত্যা তার নেপথ্যের কারণ খুঁজতে পুলিশ কাজ করছে। যশোর অফিস।

মব চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগমারার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মব সৃষ্টিকারী সংঘবদ্ধ একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। ওই চক্র বিনা কারণে এলাকার বিভিন্ন অসহায় মানুষের উপর মব সৃষ্টি করে অত্যাচার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভুক্তভোগীরা গত সোমবার দুপুরে ভটখালী ব্রিজ সংলগ্ন ইটভাটা চত্বরে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ভটখালী গ্রামের ভুক্তভোগী বিশু আলী দাবি করেন, তিনি একজন ব্যবসায়ী। সম্প্রতি এলাকার চিহ্নিত মব সৃষ্টিকারী চক্রের কয়েকজন সদস্য তার কাছে মোট অঙ্কের টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তার জমিতে লাগানো ২০টি ফলদ আম গাছসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে ফেলা হয়। এই ঘটনায় তিনি বাদি হয়ে শহিদ আলী, সাইফুল ইসলাম, নুর বক্স ও দুলাল হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করায় তাকে এবং তার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বাগমারা (রাজশাহী) সংবাদদাতা।

বকশীগঞ্জে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর

জামালপুরে ‘ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প’ (ইডিসি)-এর আওতায় অ্যান্ড ইউজার কানেক্টিভিটি প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার উপজেলা তথ্য ও যোগাযোগ অধিদফতরের আয়োজনে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ অধিদফতরের যুগ্ম সচিব সাইফুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক তানজিনা ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম, উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার প্রমুখ। সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পৌঁছে দেয়া। এই প্রকল্পের মাধ্যমে গ্রাহক পর্যায়ে যে সংযোগ প্রদান করা হয়েছে, তা স্থানীয় পর্যায়ে তথ্যপ্রযুক্তির প্রসার এবং নাগরিক সেবা প্রাপ্তি আরো সহজ ও দ্রুততর করবে।’ তিনি প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাহকদের এই প্রযুক্তির সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।

সাদুল্লাপুরে বসতবাড়িতে হামলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বসতবাড়িতে হামলা ও ভাঙচুর করাসহ রুপিয়া বেগম (৩৬) নামের গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। সোমবার মামলার বিষয়টি থানার এসআই সুজন সরকার নিশ্চিত করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সাইদ মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী জুহুরুল ইসলামের স্ত্রী রুপিয়া বেগম বলেন, ঘটনার সময় আমি বাধা দিতে গেলে হামলাকারীরা আমার পরনের কাপড় টেনে শ্লীলতাহানি করেছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। মামলটির তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক সুজন সরকার বলেন, হামলা-ভাচুরের ঘটনায় শনিবার রুপিয়া বেগম নামের এক গৃহবধূ এজাহার দায়ের করেছেন। সেটি তদন্তাধীন রয়েছে। সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা।

কটিয়াদীতে ট্রেনে কেটে মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ শিকার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে। গত সোমবার গচিহাটা রেলস্টেশনের অদূরে রেললাইনে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশন থেকে কিছুটা অদূরে গত রাতের কোনো একসময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সহশ্রম-ধুলদিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আজিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মাসুদ নিয়মিত মাছ শিকার করতেন। এক দিন আগে তার একটি জাল চুরি হয়ে যাওয়ায় তিনি নতুন একটি জাল কিনে মাছ ধরতে যান। স্থানীয়দের ধারণা, রাতভর জাল পাহারা দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা।

আড়াইহাজারে মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে থানার সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধু ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুর রহমান এবং থানার ওসি সবজেল হোসেন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে বক্তব্য দেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা জব্বার, বন্ধু জিসানসহ অন্যরা। বক্তারা বলেন, প্রধান আসামি গ্রেফতার হলেও মামলার অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি মামলার তদন্ত নিরপেক্ষভাবে শেষ করে কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।

এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস নিয়ে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশা রানী। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা।

শায়েস্তাগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‌্যাব-৯-এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের একটি সড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দু’জনকে আটক করা হয়। পরে পিকআপের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন চুনারুঘাট উপজেলার নোয়াবাদ গ্রামের মো: সোহাগ মিয়া (১৯) ও মো: আলমগীর (২১)। র‌্যাব জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।